সোমবার, আগস্ট ১৭, ২০২৬

পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ অবরোধ, ৮০ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-২৭ ২০:১৯:১৯
ছবি সংগৃহিত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে আবার উত্তাল হলো রাজধানীর শাহবাগ মোড়। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শতাধিক সরকারি চাকরিপ্রত্যাশী মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিলে পুরো মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে তারা শাহবাগে এসে মানবপ্রাচীর গড়ে তোলেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ অবরোধে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে পিএসসির সদস্যদের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে রাত ৯টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ ছাড়েন এবং টিএসসির দিকে সরে যান। এর ফলে শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেন, ‘‘৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এ ধরনের বিতর্কিত পরীক্ষার ভিত্তিতে লিখিত পরীক্ষা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’’
তিনি আরও বলেন, রাজু ভাস্কর্যের পাদদেশে কয়েকজন চাকরিপ্রত্যাশী টানা ৮০ ঘণ্টারও বেশি সময় ধরে অনশনে রয়েছেন। তাদের দাবি, লিখিত আশ্বাস ছাড়া তারা অনশন ভাঙবেন না।
বিকেলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অনশনরতদের সঙ্গে আলোচনা করেন। তবে আন্দোলনকারীরা বৈঠক শেষে জানান, তারা এখনও কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক কোনো প্রতিশ্রুতি পাননি।
চাকরিপ্রত্যাশীরা জানিয়েছেন, তাদের আট দফা দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

 


এ জাতীয় আরো খবর