বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে নতুনদের সংযুক্ত করার এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত ২৩ লাখ ২৭ হাজারের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে নতুন ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জন ভোটার।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের স্বাক্ষরিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংযুক্ত ভোটারদের মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৯৪ জন। ইতোমধ্যে ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জনের ছবিসহ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।
একইসঙ্গে, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম। এদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২ জন, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ৩২৬ জন রয়েছেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, নিয়মিত হালনাগাদের অংশ হিসেবেই ভোটার তালিকাকে সর্বশেষ তথ্যের সঙ্গে মিলিয়ে আনার কাজ করা হয়েছে। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সব ভোটে আরও নির্ভুল ও বিশ্বস্ত তালিকা ব্যবহার করা যাবে বলে তারা আশা করছেন।