রবিবার, আগস্ট ১৬, ২০২৬

কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন খাদ্য সচিব মাসুদুল হাসান

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৫-০৪-২৪ ১৮:২১:৩০

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন খাদ্যঅধিদপ্তরের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এলএসডি খাদ্য গোদাম প্রাঙ্গণে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ, এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার খান মো. আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ ঘোষ,
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আলম, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা, মিঠামইন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইরিন আক্তার প্রমুখ।
কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াহিয়া, আবুল বাশার, মোয়াজ্জেম হোসেন, শাহাব উদ্দিন, এমরান, অমল দাশ,বীরেন্দ্র দাস, আব্দুল মোতালেব, ধন মিয়া, আয়ুব আলী প্রমুখ। উপস্থিত কৃষকরা সরকারের চলতি বছরের ধানচালের মূল্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান নমুনা শস্য কর্তনের অংশ হিসেবে মিঠামইন উপজেলার মহিষার কান্দি হাওরে  হারভেস্টার মেশিন দিয়ে কিছুক্ষণ ধান কাটেন। পরে কৃষকদের সাথেও কাস্তে নিয়ে প্রকট রোদের মধ্যেও ধানকাটায় যোগ দেন তিনি। ধান কাটায় তার সাথে কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেদিকবিবেচনা করে সরকার ধান, চালের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষকের নিরলস শ্রমে এবার হাওরসহ সারা দেশেবোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
কৃষকরা বাংলাদেশের প্রাণ। তাই কৃষকদের অবদান আমাদের স্মরণ রাখতে হবে সবসময়। সরকারও কৃষক ভাইদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এই সৌহার্দ্য অব্যাহত থাকলে অচিরেই আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। অতীতে নানা কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হতো না। এবার যেকোনো মূল্যে ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানিয়েছে এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় প্রতি
কেজি ধানের সংগ্রহমূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহমূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধানের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪% আর্দ্রতা গ্রহণযোগ্য।
অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম বৃহস্পতিবার ২৪ এপ্রিল থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত
সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জেলায় ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪৮৯ মেট্রিক টন। এছাড়া ২৭ হাজার ১৩৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।


এ জাতীয় আরো খবর