বুধবার, জুন ২৪, ২০২৬

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন তানজিয়া জামান মিথিলা

  • বিনোদন ডেস্ক:
  • ২০২৫-০৪-১৯ ১৬:২৭:৫৪
ছবি সংগৃহিত

ছয় বছর পর অভিনয়ে ফিরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুটজয়ী এই তারকা এবার পর্দায় ফিরছেন একটি অ্যান্থোলজি চলচ্চিত্রের মাধ্যমে। 'থার্সডে নাইট' শিরোনামের এ চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম।
সিনেমার শুটিং প্রায় শেষ, বাকি রয়েছে কেবল একটি দৃশ্য। খুব শিগগিরই তার কাজও সম্পন্ন হবে বলে জানিয়েছেন মিথিলা। বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হলেও ‘থার্সডে নাইট’-এ থাকছে থ্রিল ও নানা চমক। এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়, একটি ওটিটি প্ল্যাটফর্মে।
মিথিলার অভিনয়জীবনের শুরুর দিকে বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নজর কাড়েন তিনি। ২০১৯ সালে অভিনীত এ ছবিটি মুক্তি পায় ২০২০ সালে। সেখানে তিনি এক রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করেন, পরিচালনায় ছিলেন বলিউড নির্মাতা হায়দার খান। এরপর অভিনয়ে দীর্ঘ বিরতি নেন এই মডেল-অভিনেত্রী।
বিরতির কারণ জানিয়ে মিথিলা বলেন, “বলিউড সিনেমা মুক্তির পর বেশ কিছু প্রস্তাব পেলেও সময় ও মানসিক প্রস্তুতি ছিল না। পাশাপাশি মডেলিং নিয়েই ব্যস্ত ছিলাম। তবে এখন মনে হচ্ছে, ভালো গল্প পেলে কাজ করা যায়। নতুন সিনেমার স্ক্রিপ্ট পড়ে বেশ আগ্রহী হয়ে উঠেছিলাম, তাই কাজটি করেছি।”
‘থার্সডে নাইট’-এ মিথিলার সঙ্গে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, সামিরা খান মাহি এবং ফররুখ রেহানসহ অনেকে।
উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে ‘ফেস অব এশিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেখানেই অর্জন করেন বিশেষ স্বীকৃতি। এরপর ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন তিনি।

 


এ জাতীয় আরো খবর