বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • নই কারো মানসী
  • ২০২৫-০৩-২৩ ১৪:২৩:৫২

না সুনীল বাবু ! আমি তোমার নীরা হতে চাইনি কখনো,
তোমার কোন সুগন্ধি রুমাল আমার কাছে গচ্ছিত নেই।
বনলতা সেন হওয়ার স্বপ্ন কখনো মনে লালন করিনি।
নিদেন পক্ষে, শরৎ বাবুর সাধারণ মেয়ে !
না ! তাও হতে চাইনি।
প্রান্তিক ঈর্ষা তবু আমার ধমনী বেয়ে কণ্ঠ রোধ করেনি।
সময়ের ব্যাকরণ মেনে বসন্ত এসেছে, গেছে।
তার দায় আমার নয় কবি।

আমার অশক্ত বাবা, পঙ্গু ভাই ! বেকার দাদা,
তোমার কাব্য কথায়, এদের কথা আছে কবি?
তাহলে ভেবে দেখতাম মানসী বা প্রেয়সী হয়ে ওঠার কথা
আমি শুধু মানবী হয়ে উঠতে চেয়ে ছিলাম কবি।
আমার দীঘল কালো চোখে
কোনো শান্ত দীঘির প্রশ্রয় নেই।

তার চেয়ে এসো,
সন্ধিগ্ধ, খরো চোখে মুখোমুখি দাঁড়াই।
আমাদের কোমলতা, পেলবতা, নিখুঁত শরীরী বিভঙ্গ !
এই কি তোমাদের একমাত্র নিঃস্ব সম্বল?
যে পেলব শরীর ,হাড় ভাঙ্গার শব্দ অতিক্রম করে
নবজাতকের কান্না উপহার দেয়,
এই প্রাচীন পৃথিবীকে !
তাকে দুর্বল ভাবা কি, তোমাদেরই দুর্বলতা নয়?
তার চেয়ে এসো, সন্ধি করো, বন্ধু ভাবো,
সবার আগে মানুষ ভাবো !


এ জাতীয় আরো খবর