সোমবার, আগস্ট ১৭, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে জ্বলোচ্ছাসে প্লাবিত সুন্দরবন

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০৪ ২৩:০৬:০৪

শুক্রবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে উপকূলে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। দুপুরে সুন্দরবনের সব থেকে উঁচু এলাকা চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রও ডুবে যায়। তবে পানি বৃদ্ধির পরও করমজলে বন্য প্রাণীর কোন ক্ষতি না হলেও সুন্দরবনের অন্যত্র কী হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি বনবিভাগ। এদিকে, মোংলার পশুর নদীতে পানি স্বাভাবিক সময়ের তুলনায় দুই ফুট বৃদ্ধি পেয়েছে। বাগেরহাটের ছয়টি উপজেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। 
বৈরি আবহাওয়া আর পূর্ণিমার কারণে উপকূলে স্বাভাবিকের তুলনায় অন্ততঃ কয়েক ফুট পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। শুক্রবার দুপুরে সুন্দরবনের সব থেকে উচু এলাকা চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন এলাকা দুই ফুট পানিতে তলিয়ে যায়। আর দুবলার চরে ডুবে যায় ৫ থেকে ৬ ফুট পানির নিচে।
বন বিভাগ জানিয়েছে, ঝড় ও জলোচ্ছাসসহ প্রাকৃতিক দূর্যোগের সময় বড় গাছ এবং ৮০টি পুকুরের উঁচু পাড় ও বন বিভাগের অফিস এলাকায় আশ্রয় নিয়ে টিকে থাকে বাঘ, হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবনের বিভিন্ন প্রাণী রক্ষায় ১২টি উঁচু টিলা নির্মাণ করা হচ্ছে। 
এদিকে, জলোচ্ছাসের কারণে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরে থাকা বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, রামপালসহ ছয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তা ঘাট, ফসলের ক্ষেত। জলোচ্ছাসে পানগুছি নদীর পানির ধাক্কায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের নবনির্মিত আধা কিলোমিটার সড়ক ধসে গেছে।


এ জাতীয় আরো খবর