বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

অ র্ধে ন্দু বি শ্বা স

  • স্মৃতির দুপুর
  • ২০২৫-০৩-১৭ ১৫:৫৫:১২


কখনো ডাকোনি তুমি
আমি তবু রোজ তোমার উঠোনে,
শুকনো পাতার অনাদৃত স্তূপ।
ভোর দেখি, দেখি প্রখর দহন।

তুমি কি কখনো কাঁদো!
অবেলার এই সুখ অথবা বিস্মৃত আলো,
কান্নারা সেই সব দীর্ঘ আলোর কিনার ধরে
                                                    বয়ে চলে?

নদীটির নাম ছিল, ছিল দুকূল  প্লাবিত জল ধারা, 
স্মৃতির দুপুর ছুঁয়ে ওড়ে চিল, শূন্য দিশাহারা।

এখানে আলোর উৎস ধরে অবিকল্প ভোরের সূচনা,
নাভিমূল, উৎসারিত পদ্ম-সৌরভ;
এই সংবদ্ধ অনুযাপন,--
মূক বিহ্বল করে রাখে আমাদের পরিযায়ী মন।

কিছু তার খেলাচ্ছল কিছুবা সবুজতর;
স্রোত জানে সমুদ্রের টান;
জল জানে নিরুদ্দেশ, ঘাটের নিরালা শুধু
অপেক্ষায় নির্বাক পাষাণ।

বন্ধু আইডি: ৪৯৯


এ জাতীয় আরো খবর