"আমরা তোমরা বৃষ্টি শহর, মিটিং হচ্ছে ত্রিপাক্ষিকে
রাস্তায় আমি ভেজা টুপটুপে নন্দলালের জলরংছবি
ভাবছি শাড়ি তুলব কিনা হাঁটুর ওপর এমনসময় ,
এমনসময় মধ্যবয়স ও কর্পোরেট পুরুষ তুমি
বৃষ্টিধোয়া উইন্ডস্ক্রিনে আমার চোখে তাকিয়েছিলে
শহর তখন জল ছপছপ, উপচে পড়া নর্দমারা---
অমন করে তাকাতে হয়,পা পিছলে পড়ে যেতাম!
তোমাদের এই ছলচাতুরি কটাক্ষপাত বুঝতে পারি
বুঝি এবং লিখতে থাকি তার বিরুদ্ধে আগুনঝরা
তবু হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্যারাডাইম
চাপের কাছে নতিস্বীকার করতে পারি কিন্তু কেন?
কিন্তু কেন তাকিয়েছিলে অমন করে ও কর্পোরেট?
হাঁটুর ব্যথা, মাঝবয়সী অধ্যাপিকার বোরখা খুলে
হঠাৎ একটি ফিচকে মেয়ে বেরিয়ে আসে ঝাঁ-চকচকে
ভিজতে থাকে খাতার পাহাড়, ভিজতে থাকে বিদ্যেবুদ্ধি
স্মৃতির শহর ভিজতে থাকে রোমান্স তখন হলিউডি
এই শহরের রিচার্ড গিয়ার গাড়ির ভেতর উইন্ডস্ক্রিনে
গড়িয়াহাট রোডের ধারে আমিই তখন প্রিটি উম্যান।"