কলকাতার গলির এক পুরনো দোতলা বাড়ি। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছেন অনসূয়া সেন। বয়স পঞ্চাশ পেরিয়েছে, কিন্তু চোখের দৃষ্টি এখনো স্পষ্ট। হাতে এক কাপ কালো চা, পাশে কিছু পুরনো চিঠি— স্মৃতির ভারে যেন ম্লান সন্ধ্যার আলো।
তিনি একসময় মনে করতেন, ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে। মানুষ যদি আন্তরিক হয়, তবে সম্পর্কগুলোও নিখুঁত হবে। কিন্তু জীবন তাকে এমন কিছু পাঠ পড়িয়েছে, যা বিশ্বাসের শিকড় নাড়িয়ে দিয়েছে।
একসময় মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেন, এখন প্রতিটি সম্পর্কের মাঝে এক নিরাপদ দূরত্ব রাখেন।
কেন?
বিশ্ববিদ্যালয়ের বন্ধু রীতা— ছোটবেলার মতোই প্রিয় ছিল। দুই দশকের বেশি সময় ধরে সম্পর্ক। সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এক আত্মার বন্ধন। রীতা যখন কঠিন আর্থিক সংকটে পড়ল, অনসূয়া সব সঞ্চয় থেকে টাকা ধার দিল। ভাবলেন, বন্ধুত্বের কাছে হিসেবের দরকার নেই।
কিন্তু এরপর?
রীতা টাকা ফেরত দিল না। উল্টো সময়ের সাথে সাথে সম্পর্কটাও শেষ হয়ে গেল। একদিন বাজারে দেখা হলে, অনসূয়া এগিয়ে গিয়ে বললেন,
— "কেমন আছিস রীতা?"
সে এদিক-ওদিক তাকিয়ে বলে,
— "আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলব।"
এরপর সে আর পিছনে ফিরে তাকাল না। অনসূয়া বুঝলেন, টাকা ফেরানোর ভয়ে রীতা বন্ধুত্বটাই মুছে ফেলেছে।
স্কুলে সহকর্মী রূপালীকে নিজের ছোট বোনের মতো ভালোবাসতেন। অফিসের অন্যদের চেয়ে ওকে আলাদা গুরুত্ব দিতেন, পাশে থাকতেন। রূপালী সবসময় বলত,
— "দিদি, আপনি আমার জীবনগুরু!"
কিন্তু যখন প্রমোশনের সুযোগ এল, রূপালী নিজের স্বার্থের জন্য অনসূয়ার বিরুদ্ধে অভিযোগ করল— বলল, অনসূয়া ঠিকমতো ক্লাস নেন না, স্কুলের নিয়ম মানেন না।
ফলাফল?
রূপালী পদোন্নতি পেল, অনসূয়া রয়ে গেল আগের জায়গায়।
এটা কি ভুল ছিল অনসূয়ার?
হয়তো ছিল। কারণ মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিলে, সে নিজেকে তোমার চেয়েও বড় ভাবতে শুরু করে।
অনসূয়ার ভাইয়ের মতো প্রিয় ছিল পারিবারিক বন্ধু সৌরভ। একসময় ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়েছিল, অনসূয়া নিজের জমানো টাকা দিয়ে সাহায্য করেছিল।
সে প্রতিজ্ঞা করেছিল, টাকা ফেরত দেবে।
কিন্তু কিছুদিন পর?
ফোন বন্ধ, যোগাযোগ নেই। একদিন রাস্তার মোড়ে হঠাৎ দেখা— সৌরভ অনসূয়াকে দেখে উল্টো দিকে চলে গেল, যেন চিনতেই পারে না!
অনসূয়া সেদিন গভীরভাবে বুঝলেন— মানুষ প্রয়োজনে তোমাকে ভগবান বানিয়ে পূজা করবে, আবার প্রয়োজনে তোমার অস্তিত্ব অস্বীকার করতেও দুবার ভাববে না।
একদিন সন্ধ্যায় ফোন এল এক পুরনো ছাত্রের—
— "ম্যাডাম, আমি সৌম্য। মনে আছে, আপনি একদিন বলেছিলেন— 'স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়'?"
অনসূয়া মনে করতে পারলেন না। অনেক ছাত্রকে তো এমন উপদেশ দিয়েছেন!
— "আমি আজ বড় একটি সংস্থায় কাজ করি, এত দূর আসতে পেরেছি আপনার অনুপ্রেরণায়। এখন আমি একটা অনাথ আশ্রম খুলেছি, চাই আপনি প্রথম অতিথি হয়ে আসুন।"
অনসূয়ার চোখ ভিজে এল। সব মানুষ কি প্রতারণা করে?
না, কেউ কেউ সত্যিই কৃতজ্ঞ থাকে। তবে সংখ্যায় তারা কম।
সে রাতে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে মনে প্রতিজ্ঞা করলেন—
মানুষকে বিশ্বাস করবেন, তবে নিজের আত্মসম্মানের বিনিময়ে নয়।
মানুষকে সাহায্য করবেন, তবে নিজের শান্তি নষ্ট করে নয়।
মানুষকে ভালোবাসবেন, তবে নিজের মূল্য কমিয়ে নয়।
দিনশেষে, কেউ না থাকুক— অন্তত নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে হবে।