বাংলাদেশের মঞ্চনাটকের আলোচিত অভিনেতা, আলোকিত ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। পাশাপাশি টিভি ও সিনেমারও একজন সমাদৃত অভিনেতা তিনি।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সন্তান ঝুনা চৌধুরীর অভিনয়ে যাত্রা শুরু হয় ১৯৭১ ও ১৯৭২ এ হবিগঞ্জে থাকাকালে ‘জয় বাংলা সংসদ’ এর মধ্য দিয়ে। যার কার্যক্রম ছিল ১৯৮০ সাল পর্যন্ত।
১৯৭৮ সালে ঢাকা কলেজে ‘ত্রিরত্ন’ নাটকে অভিনয় করেন তিনি। একই সময়ে যুক্ত হন নাট্যদল থিয়েটারের সঙ্গে। এ দলের হয়ে ‘এখনো কৃতদাস’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, এখানে এখন’, সেনাপতি’, ‘যুদ্ধ এবং যুদ্ধ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি।
পরবর্তী সময়ে ১৯৯০ সালে ঝুনা চৌধুরী, তারিক আনাম খান ও তৌকির আহমেদ মিলে নাট্যদল 'নাট্যকেন্দ্র' এর জন্ম দেন। এই দলেরই হয়ে এখনও কাজ করছেন তিনি। দলটির প্রধান তারিক আনাম খান আর প্রধান সম্পাদক ঝুনা চৌধুরী।
এই দলের হয়ে তিনি অভিনয় করেছেন চার-পাঁচটি নাটকে। টিভি নাটকে তাঁকে প্রথম দেখা যায় মো. জাকারিয়া প্রযোজিত ‘নিভৃত যতনে’ নাটকে। এরপর থেকে আজ পর্যন্ত বহু নাটকে অভিনয় করেছেন তিনি।
তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ১৯৭২ সালে ইউসুফ জহিরের ‘ইয়ে করে বিয়ে'।
এরপর তিনি তানভীর মোকাম্মেলের ‘চিত্রা নদীর পাড়ে’, 'রূপসা নদীর বাঁকে', ‘মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আরো অভিনয় করেছেন 'মায়া', 'সোনা বন্ধু', 'লাল-সবুজের সুর', 'কৃষ্ণপক্ষ', 'লালচর', 'রূপকথার গল্প', 'কাজলের দিনরাত্রি'সহ বেশ কিছু সিনেমায়।
কবরীর নির্দেশনায় কাজ করেছেন একটি অনুদানের সিনেমাতেও।
আজ ১১ মার্চ ঝুনা চৌধুরীর জন্মদিন। ১৯৫৬ সালের এই দিনে তিনি পৃথিবীতে আসেন।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।