বুধবার, জুন ২৪, ২০২৬

শ্রদ্ধাঞ্জলি শব্দসৈনিক,সঙ্গীতশিল্পী বুলবুল মহলানবীশ

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১০ ২০:৫৭:৪৬

সঙ্গীতশিল্পী বুলবুল মহলানবীশ - যিনি রক্তাক্ত একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দেশের গানে কণ্ঠ দিয়ে উজ্জীবিত করেছেন স্বাধীনতাকামী বাঙালি জাতিকে।
মুক্তিযুদ্ধের অন্যতম এই কন্ঠসৈনিক নজরুল সঙ্গীতের শিল্পী হিসেবে সমধিক পরিচিত। লেখালেখিতেও সক্রিয় ছিলেন তিনি। দেশেবিদেশে শিক্ষকতাও করেছেন দীর্ঘদিন।
একাত্তরের সেই অস্থির সময়ে সবে প্রবেশিকা পাস করে কলেজে ভর্তি হয়েছিলেন বুলবুল। উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে পড়তেন। সদ্য কৈশোর পেরোনোই বলা চলে। সতেরো বছর বয়সি এক তরুণী।
বাংলাদেশের নিজস্বতা, ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি ছিল তাঁর নিয়মিত চর্চার বিষয়। তাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হওয়াটা খুবই স্বাভাবিক একটি ঘটনা ছিল তাঁর জন্য।
এ ব্যাপারে তাঁর পারিবারিক চাপ তো ছিলই না বরং একটা উৎসাহ ছিল।
পিতা-মাতা বড় ভাইসহ পরিবারের সবার মধ্যে ছিল একটা দেশাত্মবোধ। তাঁর বড় ভাই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বলা যেতে পারে একটি সাংস্কৃতিক পরিবেশের মধ্যেই বড় হয়েছেন বুলবুল মহলানবীশ।
শিল্পী বুলবুল মহলানবীশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন বাংলা সাহিত্যে।
জীবদ্দশায় তিনি যুক্ত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। সঙ্গীতে অবদানের জন্য পেয়েছেন সম্মাননা ও পদক।
ছড়া, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ ও মুক্তিযুদ্ধের স্মৃতিসহ বিভিন্ন বিষয়ে প্রকাশিত হয়েছে তাঁর ৯ এর অধিক গ্রন্থ।
জন্ম ১০ মার্চ ১৯৫৩ সালে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির আকর ভূমি বিক্রমপুর পরগনার প্রগতিশীল চেতনার এক সংস্কৃতিমনা পরিবারে।
চলে যাওয়া মানেই প্রস্থান নয় - এ কথাটা যদি সত্যি হয় তবে ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে যুগ যুগ ধরে লেখা থাকবে শব্দ সৈনিক সঙ্গীতশিল্পী বুলবুল মহলানবিশের কর্মযজ্ঞের স্মৃতিগুলো।
১৪ জুলাই ২০২৩ এর ভোরে গুলশানের নিজ বাড়িতে তিনি প্রয়াত হন। শ্রদ্ধাঞ্জলি।

 


এ জাতীয় আরো খবর