চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আব্দুল মতিন(৫৫) নামে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখ,হাত,পা, উরু সহ একাধিক স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার(৩ মার্চ) ভোরে চৌডালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হরিনগর গ্রামের শুকুরুদ্দিন নামের এক ব্যাক্তির বাড়ির শয়নঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। মতিন একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব সাহেবগ্রাম এলাকার মৃত জয়নালের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,গত রবিবার(২ মার্চ) রাত ১০টার দিকে ওই বাড়িতে মতিনকে দা ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মতিনের ওই বাড়িতে যাতায়াত ছিল। শুকুরুদ্দীনের স্ত্রী পেয়ারা বেগম(৩৫) তাঁর রোগী ছিলেন। পরকীয়া প্রেমের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা ও পুলিশ। ঘটনার পর বাড়ির সকলেই পলাতক রয়েছে। নিহত মতিন কবিরাজির পাশাপাশি তেলের ব্যবসায় জড়িত ছিলেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, গত রবিবার দিবাগত রাত ১২টার পর স্থানীয়দের দেয়া খবরে সোমবার ভোররাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাসুয়া ও দাও জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে সোমবার বিকাল পর্যন্ত মামলা হয় নি। তবে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চৌডালা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ গোলাম কিবরিয়া হাবিব বলেন, ঘটনাটি পরকীয়া প্রেম সংক্রান্ত হতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে বোঝা যাবে কারা কারা হত্যাকান্ডে জড়িত।