শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

পা র মি তা চ্যা টা র্জী

  • ভালোবাসা কারে কয়!
  • ২০২৫-০৩-০২ ১৪:৩৬:২৭

সকালবেলায় ফোনটা আপনমনে বেজেই চলেছে, ধরতে ইচ্ছে করছেনা নবমিতার  -- অনেকক্ষণ পর অনিচ্ছা সত্বেও ফোনটা কানে নিয়ে বলল- হ্যাঁ বলুন,
ওপার থেকে ভেসে এলো বিখ্যাত সঙ্গীত শিল্পী মলয় চৌধুরীর গলা-- কি হল তোমার? 
- কেন?  কিছু হয়নি তো -
- কিছু তো একটা হয়েছে- আমি কি কোন ভুল করেছি?
- না না কি যে বলেন,  আপনারা কখনও ভুল করতে পারেন?
- না এ গলা তো স্বাভাবিক লাগছেনা, তুমি তো অনেক আন্তরিক ভাবে কথা বল আমার সাথে, নিশ্চয় কিছু একটা হয়েছে?  আমাকে কি বলা যায়না?
- না সব কথা বলা যায়না,  তাছাড়া আমার তো কিছু হয়নি ; কি বলব  বলুন তো? 
- আজকের প্রোগ্রামে আসছো নিশ্চয়ই? 
- হ্যাঁ যাবো আর আপনি বলেছিলেন অনসূয়া আর  মালোবিকাকে বলতে ওদেরও বলেছি ওরাও যাবে- 
- ঠিক আছে, ভালো থেকো কাল কথা হবে। 
ফোনটা রেখে দিয়েই নবমিতা বিছানায় উপুড় হয়ে শুয়ে পরে। 
এক অজানা দুঃখে তার চোখ দিয়ে হু হু করে জল বার হতে থাকে,  সে নিজেই বোঝেনা, বারবার সে কেন ভুল করে ফেলে ; 
জীবনের প্রথম মানুষটাকে, যার ওপর তার সবচেয়ে বেশি অধিকার, তাকেই মনের ঘরে ধরে রাখতে পারেনি, সন্তানদের স্বার্থে দিনের পর দিন এক সুখী দম্পতির অভিনয় চালিয়ে যেতে হয়, সে কি করে অন্যদের কাছ থেকে ভালোবাসা আশা করে? ভালোবাসা কি অতই সহজ? না বন্ধু হওয়াটা সহজ? 
আজ থেকে প্রায় ১৬ বছর আগে যখন তার স্বামী মমতা নামে এক লাস্যময়ী মেয়েকে নিয়ে মত্ত হয়ে গিয়েছিল, সেদিনও সে  কষ্ট পেয়ে  অনেক কেঁদেছিল। 
ভালোবাসা পাওয়া আকুল মনটা বিশ্বাস করে বন্ধুত্বের হাত ধরেছিল আর একজনের, সেও অনেক স্বপ্ন দেখিয়ে, অনেক ভালোবাসার অভিনয়  করে তাকে কাছে টেনে নিয়েছিল,  তারপর একদিন যখন শিল্পী হিসেবে অনেক নাম করে অনেক উচুতে উঠে গেলো, সেদিন সে সম্পূর্ণ অবহেলা করে ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করে চলে গেল। 
সেই  দুঃখ থেকে বার হতেও তার দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছিল। 
আজ আবার দূর্বল হয়ে গিয়েছে আর এক শিল্পীর ওপর,  প্রথম দিকে তার সাথে যে কথা হত তাতে অনেক আবেগ ছিলো,  মনে হত তাকে সে অনেক অন্য চোখে দেখে। 
নবমিতার মনে তার প্রতি ভালোবাসার চেয়ে শ্রদ্ধা অনেক বেশি ছিলো,  কিন্তু কখন যে শ্রদ্ধা থেকে একটু একটু করে ভালোবাসায় দিকে চলে যায় সে নিজেও জানতে পারেনি। 
শুধু কি তারজন্য সেই দায়ী?  তারা যখন কথা বলতো তারমধ্যে কি তার কোনো প্রশ্রয় ছিলোনা? সে কি বলেনি, আমারও ভাল লাগে  তোমার সাথে কথা বলে? আমারও অনেক আনন্দ হয়। 
তার ডাকে সাড়া দিতে একটুও দ্বিধাবোধ করেনি কখনও।  
তবে কাল তাকে  হঠাৎ এত উদাসীন মনে হল কেন? তখন তো দেখল সে সবার সাথেই একইভাবে কথা বলে, সে তো তার কাছে কোনো স্পেশাল কিছু নয়, সবার মধ্যে সেও একজন। 
মলয়ের ফোনে যে প্রশ্নটা ছিলো -" আমি কি কিছু ভুল করেছি"?  তার উত্তর টা সে নিজেই মনে মনে দিতে শুরু করল - ভুল আপনি করেন নি,  ভুল করেছি আমি,  বারবার ভুল করে নিজেই নিজের দুঃখটাকে শুধু বাড়িয়ে চলেছি,  নিজের মিথ্যা আবেগকে সংযত করতে না পারাটাই জীবনের সবচেয়ে বড়ো ভুল। শিল্পী বা সেলিব্রেটিদের দূর থেকেই দেখা ভালো, তাদের মনের ঠিকানায় আনতে চাওয়াটাই একটা বড়ো ভুল। মেয়েদের আবেগ প্রবল ভালোবাসা কাঙাল মনটা কোথাও একটু ভালোবাসার স্পর্শ পেলেই ভুল করে ফেলে। 
আনমনেই রবীন্দ্রনাথের গানটা গেয়ে উঠলো, " তোমরা যে বল দিবস- রজনী   'ভালোবাসা ' 'ভালোবাসা ' -- সখী ভালোবাসা কারে কয় !  সে কি কেবলই যাতনাময়।


এ জাতীয় আরো খবর