আগমার্কা হলুদ সূর্য্যটা
হঠাৎই সোনা ধান মৃদু নরম হয়েছে,
জলপাই পাতার ফাঁকে ফাঁকে খেলা করছে দুরন্ত রোদ।
ব্যালকনির ঝিমিয়ে যাওয়া গাছটাও তিরতির কাঁপছে অলীক সুখে।
আগুন লাগা ফুলের বুকে
মধুমতি চালের ভাত ফুটছে টগবগিয়ে।
অঙ্ক পাগল, খিটখিটে সুধীন মাস্টারও প্যারাবোলা আঁকতে গিয়ে
এঁকে ফেলেছেন কোকিলের ঠোঁট।
দক্ষিণের জানলায় দাঁড়িয়ে থাকা গৃহবধূটি,
মুহূর্তে ভুলেছে তার কুল গোত্র বর্ণ।
ঘুলঘুলিতে বাসা বাঁধতে আসা ছটফটে চড়ুইটা
স্থির চোখে খড়কুটোয় রং সাজাচ্ছে একমনে,
টেবিলে রাখা পাউরুটির কোণা টানতে টানতে
লাল পিঁপড়ের দল,
শিকার ছেড়ে উৎসুক চোখে সুখ দেখছে পৃথিবীর।
দেওয়ালে দীঘল চোখের রবীন্দ্রনাথও
যেন বলতে চান "গাও, গাও না
গাও ওই গানটা...
"তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে।
তোমার ঝাউয়ের দোলে..
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান.....
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান--
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান—"
এমন সমারোহে তুমি ছাড়া আর কে বা আসতে পারে প্রেম?