ঠিক যেন এক গল্প কথার মতো
নিজের হাতে ঢাকছে নিজের ক্ষত !
রাতের শরীর আগল দিয়ে রাখা
মিথ্যে মালায় হৃদয়টাকে ঢাকা
ক্ষণিক হেসে রাত বলে "আয়,বোস,
লিখবো কবে,এই ছিলো আফসোস " !
কাগজ তখন একটু আলগা হেসে
হয়তো আবার গভীর ভালোবেসে
কবির মতো ভাবনাগুলো ছেঁকে
গালার স্বরে হাজার সভা ডেকে
জানিয়ে দিলো-- "লেখার ইচ্ছে হলে...
ও রাত, তুমি দক্ষিণে যাও চলে"।
"দখিন হাওয়ার দামাল যদি আজ
আমায় বাঁধে ফেলে সকল কাজ?
আর যদি তার অলস পদতলে
কিশোরবেলার এ রাত হেঁটে চলে ?
করবো কি কাজ? করবো কেমন ভাবে?
বাঁচার জন্য সব হারিয়ে যাবে" !
"হারায় যদি যাক না কিছু যাক্
হিসেব বাধা নিজের কাছেই থাক,
দেশ বিদেশের সহস্র সংবাদে
যেমন করে সবহারারা কাঁদে
তেমন করে কাঁদতে তুমি চাও?
বলো,
সত্যি কি আর সুখ সাগরে যাও"?
রাতের চোখে ঘুমের পরশ লাগে
ওপারেতে চাঁদও বুঝি জাগে
ঢুলতে থাকে চিরকালীন কালো
কোথ্থাও নেই একটুখানি আলো।
রাতের মুঠো আলগা হয়ে আসে
সেই মুঠোতেই একটা কাগজ ভাসে।
কাগজ-পাতে হাজার কাটাকুটি
কোথাও শুরু, কোথাও আবার ছুটি।
রাতের বুকে হুমড়ি খেয়ে প'ড়ে...
কাগজ তখন প্রাসাদ তুলছে গড়ে।
এমন সময় বৃষ্টি এলো ঝেঁপে
ভাসলো সবই, ভাঙলো আরো মেপে।
ছোট্টো কাগজ এইটুকু তো জান !
বাঁচলো না সে, বাঁচলো না তার মান!
রাতের বুকে হারিয়ে যেতে যেতে
ঠোঁট ছোঁয়ালো বর্ষাধারার স্রোতে।।