বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

শ্রী জা ত

  • 'ভুল বসন্তের কবিতা'
  • ২০২৫-০২-২৬ ০০:১৬:৩৩

তিনটে চারটে ভুল বসন্ত
হাওয়ার ঝাপটা... পুরুষ মন তো,
আঁচল থেকে জমির দিকে উড়ান দিচ্ছে

মন জানানোর ব্যর্থ ছন্দ, 
মাথার মধ্যে ঠোঁটের গন্ধ।
চুমুর চেয়েও রোমাঞ্চকর চুমুর ইচ্ছে।

শান্তশিষ্ট কলেজকন্যা,
দেখতে শুনতে শ্যারন স্টোন না।
কিন্তু সে রোজ রোদের কাছে তালিম নিচ্ছে।

রং ছড়াচ্ছে কমনরুমটি
বুকের ভেতর ট্রামের গুমটি...
চুমুর চেয়েও অনেক গোপন চুমুর ইচ্ছে।

যে-নিশ্বাসের গরম ঝড়কে
যায় না বাঁধা নরম তর্কে...
জিভ ছাড়া তো সে-নিশ্বাসের নেই চিকিচ্ছে

কিন্তু সে-জিভ জড়িয়ে চুপটি
লিপস্টিকের নেই বিলুপ্তি
চুমুর চেয়েও পর্দানসীন চুমুর ইচ্ছে।

তিনটে চারটে ভুল বাসন্তী
ঘুমের মধ্যে পাগলা ঘন্টি!
না-পাওয়া সেই গন্ধস্বাদের কাব্য লিখছে...

বেশির ভাগই এক শালিখ তো,
মেলে না তাই মাত্রাবৃত্ত।
চুমুর চেয়েও অসম্পূর্ণ চুমুর ইচ্ছে।

এখন বৃষ্টি নাছোড়বান্দা
ভাগ করে নেয় ঘর-বারান্দা।
হয়তো সে আজ অন্য কারও সঙ্গে ভিজছে...

ঠোঁটের বয়স বাড়তে বাড়তে
রাখছে আদর স্মৃতির স্বার্থে
চুমুর চেয়েও অতীতগামী চুমুর ইচ্ছে।


এ জাতীয় আরো খবর