বছর কুড়ির বড়ো আমি। তবু তোমার দিকেই চোখ
স্বজনরা সব বলেছিলো এমন মেয়ের মরণ হোক।
দিনের শেষে তোমার নাম না নিলে একবারও
মনের ঘরে মন থাকে না। কেন বলতে পারো?
অফিস থেকে ফেরার পথে তোমার কথা ভেবে
ভুল স্টপেজে নেমেছিলাম। তার দায় কি নেবে?
স্বপ্নে আসো যখন তখন। আসো দিনে রাতে
তোমার জন্য বিরিয়ানি বানাই নিজের হাতে।
অনেক কাজ তবুও এসব খুবই ভালো লাগে
এমন ভালো আর কখনও লাগেনি তো আগে।
পড়শিরা সবাই রটিয়ে দিল নানান রকম কথা
দুশ্চরিত্রা মেয়ে তাই খেয়েছে স্বামীর মাথা।
কান না দিয়ে তাদের কথায় তোমায় খুঁজি খুব
পারবে কি এই ভালোবাসার বুকে দিতে ডুব?
কোচিং ক্লাস শেষ হলে এসো, কৃষ্ণচূড়ার তলায়
দাঁড়িয়ে দুজন মুখোমুখি। মন রাঙাবো কথায়।
আমার শুষ্ক বুকের জমা কথা বাড়ালে দীর্ঘশ্বাস
তোমার তারুণ্যের উচ্ছ্বলতায় মিটিয়ে দিও আশ।
বলুক লোকে যা খুশি তা। যা আসে যার মুখে
আমরা দুজন ভালোবেসে থাকবো ভীষণ সুখে।
তোমার জন্য চাকরি খুঁজবো। খুঁজে দেবো সাথী
বাসর ঘরে জ্বালিয়ে দেবো খুশিতে থাকার বাতি।
অপূর্ণতার মিটবে সাধ দেখে তোমাদের জুটি
এমন ভালোবাসার থেকে কি কখনও দেবে ছুটি?