যশোরের চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান, চৌগাছা থানার ইন্সপেক্টর তদন্ত কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইয়াসিন, বিজিবি প্রতিনিধি। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং চুরিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় বেশি বেশি মোবাইল কোর্ট করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সভায় বলেন মাদক ও বাল্য বিয়ের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা চৌগাছা উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়তে চাই।