সোমবার, আগস্ট ২৪, ২০২৬

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০২-২৫ ১৫:৫৮:০৫

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) নতুন দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক। তাকে নতুন দলের আহ্বায়ক করা হতে পারে।  

পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লিখেছেন- 
মহোদয়, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুথ্থানের পরে ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গত ০৮ আগস্ট ২০২৪ খ্রি. তারিখে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি।
এমতাবস্থায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি।

 


এ জাতীয় আরো খবর