গাজী মাজহারুল আনোয়ার দেশের প্রথিতযশা একজন সঙ্গীতব্যক্তিত্ব।
জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৪৩ সালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে।
তিনি বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকারদের মধ্যে অন্যতম একজন।
স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার।
তিনি ২০০২ সালে একুশে পদকে ভূষিত হন। ২০২১ সালে লাভ করেন স্বাধীনতা পুরস্কার।
২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। বিবিসি বাংলার তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তাঁর লেখা তিনটি গান।
মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে 'আয়না ও অবশিষ্ট' চলচ্চিত্রের জন্য।
১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র 'নান্টু ঘটক' ১৯৮২ সালে মুক্তি পায়।
'বাচসাস' পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই গীতিকবি।
৪ সেপ্টেম্বর ২০২২ এ তিনি পরলোকে পাড়ি জমান। শ্রদ্ধাঞ্জলি।