রবিবার, মার্চ ৮, ২০২৬

আজ কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৮ ১৩:৩৭:০৯

আজ কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন। ১৯৩০ সালের ২৮শে জুলাই ফরিদপুরের গোপালগঞ্জের রাতইল ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণীশিল্পী। উপমহাদেশের নজরুল সঙ্গীতে তিনি এতোটাই প্রভাব বিস্তার করে আছেন যে, পরবর্তী প্রজন্ম তাকে অনুসরণ করে চলছে। জন্মদিনের বিশেষ ক্ষণে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে ভক্ত-অনুরাগীরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার গান শুনে বলেছিলেন, এই মেয়েটি একদিন ভালো গাইয়ে হবে। তখন তার বয়স মাত্র এগারো কী বারো। সেদিনের সেই মেয়েটিই উপমহাদেশের কিংবদন্তী নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম।
১৯৩০ সালের আজকের দিনে ফরিদপুরের গোপালগঞ্জের রাতইল ঘোনাপাড়া গ্রামে জন্ম তাঁর। সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারের মেয়ে ফিরোজা বেগমের গানের প্রতি ঝোঁক ছিলো ছোটবেলা থেকেই।
দশ বছর বয়সে কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে সংগীতে তালিম নেয়ার সৌভাগ্য হয় তাঁর। স্কুলে পড়ার সময়ই কন্ঠ দেন অল ইন্ডিয়া রেডিওতে। একই সময়ে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে তার প্রথম রেকর্ড বের হয়।
নজরুল সংগীত নিয়ে প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে। কাজী নজরুল অসুস্থ হওয়ার পর নজরুলসংগীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের উদ্যোগ নেন ফিরোজা বেগম। নজরুল গীতি ছাড়াও আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাথ গেয়েছেন তিনি।
বর্নাঢ্য সংগীতজীবনে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক, একুশে পদকসহ পেয়েছেন, অসংখ্য সম্মাননা।
ব্যক্তিজীবনে গায়ক, গীতিকার ও সুরকার কমল দাশগুপ্তের স্ত্রী এবং জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস-এর শাফিন ও হামিন আহমেদের মা তিনি। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ফিরোজা বেগম।
বিশেষ এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে কোটি ভক্ত-অনুরাগী।

 


এ জাতীয় আরো খবর