বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিশ্বকাপ ফুটবলের প্রাথমিক বাছাইপর্বে প্রথম পর্বে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পেয়ে খুশি। বাছাইপর্বের ড্রয়ের পর চেনা প্রতিপক্ষ পেয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছেন এই ফুটবলার। অন্যদিকে, সব বাধা পেরিয়ে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বের খেলার স্বপ্ন দেখছেন তপু, মোরসালিন, জিকোরা। আগামী ১২ ও ১৭ই অক্টোবর বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি হবে।
সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মালদ্বীপকে ৩-১ ব্যাবধানে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনাল উঠে বাংলাদেশ। এবার ২০২৬ বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে প্রথম পর্বে সেই চেনা প্রতিপক্ষ মালদ্বীপকে পেয়েছে জামাল-তপুরা।
মালদ্বীপ প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশের খুব পরিচিত মুখ। দু’দল ১৬ বারের দেখায় ৭ জয় বাংলাদেশের। বিপরিতে বাংলাদেশ হেরেছে ৬ টিতে আর ড্র হয়েছে তিনটি খেলায়। সবশেষ ৩ খেলায় দুটি জয় বাংলাদেশের। মালদ্বীপের বিপক্ষে সাফ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপ বাছাইপর্বেও কাজে লাগাতে চান জামাল ভূঁইয়া।
প্রাক-বাছাই পর্বে একই দলের সাথে হবে দুটি খেলা। এরমধ্যে ১২ই অক্টোবর মালদ্বীপে প্রথম খেলা আর দ্বিতীয়টি হবে বাংলাদেশে ১৭ই অক্টোবর। দুই খেলায় জয়ী দল বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী রাউন্ডে খেলতে পারবে।
আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ফুটবলারদের বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের প্রস্তুতি ক্যাম্প।