একুশ আসছে বলে শিমুল পলাশ
কৃষ্ণচূড়া রক্তিম সাজে,
একুশ আসছে বলে ফাল্গুনের রঙ
লেগেছে প্রকৃতির মাঝে।
একুশ আসছে বলে অনন্ত রূপে
সেজেছে আগুনরাঙা বসন্ত,
একুশ আসছে বলে আমের মুকুল
দুলিয়ে জানায় স্বাগত।
একুশ আসছে বলে শুরু হয়েছে
বাঙালির প্রাণের বইমেলা,
একুশ আসছে বলে শিশু কিশোর
করে বই নিয়ে খেলা।
একুশ আসছে বলে বাংলা একাডেমি
আজ আলোক ঝলমলে,
একুশ আসছে বলে লেখক পাঠকের
সমাগম দলে-দলে।
একুশ আসছে বলে দেখা হচ্ছে
প্রিয় সব মানুষদের সাথে,
একুশ আসছে বলে রকমারি বই
বইপ্রেমীর হাতে-হাতে।
একুশ আসছে বলে বাংলা একাডেমি
সোহরাওয়ার্দী উদ্যানে;
জ্ঞানের আলোয় আলোকিত করছে
হাজারও বিদ্বানে।।