আজ শুক্রবার (২৮শে জুলাই) রাজধানীর নয়াপল্টন বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ থেকে সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশ পথে পাঁচ ঘন্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। কাল (শনিবার) আশুরার দিন সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি চলবে।এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মহাসমাবেশকে পরিবর্তনের মাইলফলক বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র নেতারা।
আজ শুক্রবার (২৮শে জুলাই) সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের এমন মিছিল আসতে থাকে রাজধানীর নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিণœ দাবির ব্যানার-ফেস্টুনে সজ্জিত মিছিলে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশা ও নানা বয়সের হাজার হাজার নেতাকর্মী। এদিন শুধু ঢাকা কিংবা আশপাশের নয়, দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির কর্মীরা যোগ দেয় মহাসমাবেশে।

সমাবেশ দুপুর ২টায়, কিন্তু সকাল এগারোটার পরেই নেতাকর্মীর সরব উপস্থিতিতে ভরে ওঠে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ আশপাশের প্রধান সড়ক। রোদ ও গরমের মধ্যে সমাবেশে উপস্থিত হওয়া নেতাকর্মীদের গানে গানে মাতিয়ে রাখেন জাসাসের শিল্পীরা।
সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেন, এই সরকার জনগনের ভয়ে ভীত হয়ে গণগ্রেফতার চালাচ্ছে। তবে আর কোন ষড়যন্ত্র করেই কাজ হবে না। সরকারের পদত্যাগ করেই ঘরে ফেরা হবে বলে হুশিয়ারি দেন নেতারা।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রেফতার করে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না। একদফার মূল লক্ষ্য এই সরকারের পদত্যাগ। এবার আর প্রশাসনকে ব্যবহার করে যেনতেন ভাবে নির্বাচন করতে দেয়া হবে না।
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষনা করা হয় মহাসমাবেশ থেকে।
জনগণের বিরুদ্ধে অবস্থান না নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় মহাসমাবেশে।