চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিজিবি জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে। গত ৫ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী পর্যন্ত এই সীমান্তে বেআইনীভাবে বিএসএফ’র কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার পর গত শনিবার(১৮ জানুয়ারী) গাছ ও ফসল কাটা নিয়ে এই সীমান্ত ও পাশের কিরনগঞ্জ সীমান্তের মাঝে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকালে চৌকা বিওপির আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/১ এস হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিস্ট চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া সহ বিজিবি কর্মকর্তারা,স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন। সভায় প্রায় ১২ শত সীমান্তবাসী উপস্থিত ছিলেন।
সভায় বিজিবি অধিনায়ক অনরোধ করেন উৎসুক জনতা যেন সীমান্ত এলাকায় গমন করে সাধারণ কৃষকদের ফসল নষ্ট না করে। তিনি বলেন বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগনের আস্থা রক্ষা করবে। তিনি আরও বলেন, গত ১৮ জানুয়ারী মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/৩ এস এর নিকট ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর ক্যাম্পের সহযোগিতায় ভারতীয়দের বাংলাদেশীদের আমগাছ কাটাকে কেন্দ্র করে দু’দেশের নাগরিকদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনার পর এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অধিনায়ক উৎসুক জনতাকে সীমান্তের শূণ্য লাইনে না যাবার পরামর্শ দেন। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে। কৃষক ছাড়া অন্য কোন বহিরাগত বিনা কারণে যেন সীমান্তের শূণ্য রেখায় না যায় বা অয়থা ঘোরাঘঘুরি না করেন। সীমান্ত এলাকায় গবাদিপশু না চরানোর পরামর্শ দিয়ে লে.কর্নেল কিবরিয়া সন্ধ্যার পর শূণ্য রেখার নিকট যেতে বারণ করেন। তিনি মাদক ও চোরাকারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সাহায্য করতে স্থানীয়দের প্রতি আহব্বান জানান।