সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহতদের একাধিক মামলার পলাতক আসামি আজমল হোসেন মনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সরকারি অনুষ্ঠানে সরব উপস্থিতি দিচ্ছেন। পুলিশের খাতায় পলাতক হিসেবে চিহ্নিত থাকা সত্ত্বেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার এমন উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
গত ১৩ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে যান। তার সফরে সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় বৃক্ষরোপণ কার্যক্রম চলাকালীন তোলা একটি ছবিতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং একাধিক হত্যা মামলার পলাতক আসামি আজমল হোসেন মনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে রয়েছেন। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমার ধারণা, পুলিশকে ম্যানেজ করেই এমনটা সম্ভব হয়েছে। আমার ভাইদের যারা হত্যা করেছে, তারা কিভাবে প্রশাসনের সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সেটি বোধগম্য নয়।
সিলেট জেলার আন্দোলন সমন্বয়ক মাজেদ আহমেদ চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। খুনিদের প্রকাশ্যে ঘোরাফেরা এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের সম্পর্ক স্পষ্টতই প্রশাসনের ব্যর্থতা ও পক্ষপাতদুষ্ট আচরণকে তুলে ধরে। এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিচার পাওয়ার আশা আরও দুর্বল হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নেতা বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক যে, একাধিক হত্যা মামলার আসামি যাকে পুলিশ পলাতক হিসেবে দেখাচ্ছে, অথচ সে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটি শুধু আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে না, বরং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচারের পথকে কঠিন করে তুলছে। পুলিশ বা প্রশাসনের কোনো না কোনো মহলের সহযোগিতা ছাড়া এমন ঘটনা সম্ভব নয়। প্রশাসনের এমন দায়িত্বহীন আচরণ আমাদের এলাকার শান্তি ও সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে আইনের শাসন নিয়ে সাধারণ মানুষের মনে আরও বড় প্রশ্ন তৈরি হবে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, বিষয়টি আমি জানি না। আমি শুধু মিটিংয়ে অংশ নিয়েছি এবং পরে চলে এসেছি। তবে এখন ঘটনাটি জেনেছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলার ইউএনও মিল্টন চন্দ্র পাল বলেন, তিনি যে মামলার আসামি তা আমাদের জানা ছিল না এবং আমরা তাকে দাওয়াত দিয়ে আনি নি, এ বিষয়ে আমরা চেয়ারম্যানকে জবাবদিহিতা করেছি। ন্যায় বিচার নিয়ে এক প্রশ্নে তিনি বলেন আমরাও চাই ন্যায় বিচার হোক।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, পুলিশ ও প্রশাসনের এমন দায়িত্বহীনতার কারণে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। প্রশাসনের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের এমন ঘনিষ্ঠতা আইনের শাসনের প্রতি আস্থাকে ক্ষুণ্ন করছে।