ছাত্র জনতার নানা স্লোগানে আবারো মুখোরিত হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে দলে দলে যোগ দেয় ছাত্ররা।
চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতাও শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন। শিক্ষার্থীদের কেউ কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও সাময়িকভাবে অবস্থান করে। আবার কেউ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন।জুলাই বিপ্লবের স্বীকৃতির দাবী জানিয়ে তারা ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শহীদ মিনারে জড়ো হওয়া ছাত্ররা বলেন, জুলাই বিপ্লব যেন ব্যর্থ হয়ে না যায়। আগামীর স্বপ্নের দেশ গড়তে এই চেতনা যেন ভূমিকা রাখে।
এসময় শিক্ষার্থীরা বাহাত্তুরের সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান ঘোষনার দাবী জানান। যে সংবিধানে দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা থাকলেও পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে এ ঘোষণাপত্র পাঠের সিধান্ত এলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা তাদের কর্মসূচীতে পরিবর্তন আনে।