রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। পূর্ব এশিয়ার এই দেশটির একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটিতে ১৮১ জন আরোহী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরের একটি বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন।
রোববার জেজু এয়ারের ওই উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। বিধ্বস্ত এই উড়োজাহাজটিতে ১৮১ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট। থাইল্যান্ড থেকে ফেরার সময় বিমানবন্দরে অবতরণকালে দুর্ঘটনার মুখে পড়ে ফ্লাইটটি। স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা বেশ কিছু ছবিতে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
এদিকে মুয়ান শহরে উড়োজাহাজ দুর্ঘটনরার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মু “উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার” নির্দেশ দিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যেই দুজনকে জীবিত পাওয়া গেছে। থাইল্যান্ড থেকে ফেরার পথে উড়োজাহাজটি দেশের দক্ষিণ-পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় “পাখির সাথে সংঘর্ষের ফলে বা ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে” দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।