চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রশাসন ব্যাতীত ২৫টি বিসিএস ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের সংগঠন আন্ত: ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ক্যাডারভিত্তিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মকর্তারা জন প্রশাসন সংস্কার কমিশনের উপ-সচিব পদে পদোন্নতিতে কোটা বিভাজন প্রস্তাব সুপারিশ করা হবে মর্মে বক্তব্য প্রত্যাখান করেছেন। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বিভিন্ন ক্যাডারের বিপুল সংখ্যক কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে কর্মকর্তারা এ ধরণের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। কর্মসূচী চলাকালে বক্তরা বলেন, উপ-সচিব পদে সকল কোটা পদ্ধতির অবসান চাই। জনবান্ধব সিভিল সার্ভিস চাই। ব্যাচভিত্তিক প্রমোশন চাই।
বক্তরা জন প্রশাসন সংস্কার কমিশনের শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত বক্তব্যও প্রত্যাখ্যান করেন। তাঁরা বলেন, সম্প্রতি মুয়ীদ চৌদুরির নেতৃত্বে কমিশনের সংবাদ সম্মেলনে যে ধরণের সুপারিশ করা হবে বলা হচ্ছে তা আন্ত:ক্যাডার সংঘাত তৈরী করবে। এটি ক্যাডার-ক্যাডার দ্বন্দ সৃষ্টির একটি নকশা। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় হওয়া উচিত। বক্তরা বলেন, তাঁরা দীর্ঘদিন কিভাবে বৈষম্যর শিকার হচ্ছেন। এর অবসান হওয়া দরকার। ক্যাডার যার, মন্ত্রণালয়ের কর্তৃত্বও তাঁর থাকা উচিত।
কর্মসূচীতে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.পলাশ সরকার,জেলা হাসপাতালের কনসালট্যান্ট আব্দুস সামাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী, জেলা মৎস কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষক শামীম আহমেদ প্রমুখ।