অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে সরকারের উপসচিব পদে প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির বিষয়টি পুনর্বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে আন্ত:মন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা মনে করে যে, দেশের চরম ক্রান্তিলগ্নে ছাত্র-জনতার নির্মোহ আত্মত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার ও জনপ্রশাসন সংস্কার কমিশনকে বিতর্কিত করে দেশকে অস্থিতিশীল করার জন্যই আপীল বিভাগের একটি মিমাংসিত ইস্যুর বাইরে গিয়ে এ ধরণের মনগড়া ও কাল্পনিক সুপারিশ করেছে। দীর্ঘ ১০ বছর মামলা চলমান থাকার পর আপীল বিভাগে বিষয়টি নিষ্পত্তি হওয়া সত্ত্বেও মহামান্য আপীল বিভাগের রায়কে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চরম অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। বিসিএস পরীক্ষায় মেধা ও ক্যাডার চয়েসের ভিত্তিতে বিষয়টি সমাধানকৃত বিষয় হওয়া সত্ত্বেও উপসচিব পদে প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির বিষয়টি উদ্দেশ্যমূলক, প্রতিহিংসামূলক, অনভিপ্রেত ও অযৌক্তিক বিধায় তা দ্রুত সমাধা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
ব্রিটিশ আমল থেকে বাংলাদেশসহ ভারতের ইন্ডিয়ান এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, পাকিস্তানের পাকিস্তান এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং শ্রীলংকায় শ্রীলংকান এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কর্মকর্তারা রাষ্ট্রের পলিসি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক পদে দীর্ঘ কর্মজীবনের লব্ধ অভিজ্ঞতা প্রশাসন ক্যাডার ব্যতীত বাইরের অন্যান্য ক্যাডারের নেই। এছাড়া প্রত্যেক ক্যাডারের পঞ্চম গ্রেডে নিজস্ব পদ আছে।
সংগঠনটির মুখপাত্র জনাব মো: নজরুল ইসলাম জানিয়েছেন যে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তি করা হলে রাষ্ট্রের প্রশাসন কাঠামোতে অস্থিরতা বাড়বে। আন্ত: ক্যাডারের মধ্যে পরস্পর বিপরীতমুখী আত্মঘাতী কর্মকান্ড বাড়বে। রাষ্ট্রের গতিশীলতা শ্লথ হয়ে যাবে। এর ফলে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি দক্ষ, জবাবদিহিতামূলক, জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার জন্য হাজারো ছাত্র-জনতার রক্ত বিনিময়ে গড়া ওঠা স্বপ্ন মুহর্তেই ধুলিসাৎ হয়ে যাবে।
এহেন উদ্ভূত পরিস্থিতিতে সরকারের উপসচিব পদে প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ২৫% পূর্বের ন্যায় বহাল রাখাসহ আন্ত:ক্যাডার সমুহের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেছে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশন।