কভার্ড ভ্যানের চাপায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৭ টায় মহাসড়কের মেঘনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত দু'জনই কলেজশিক্ষার্থী।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকার আশরাফুল আলম ও একই এলাকার অসিম।
পুলিশ জানায়, দুই বন্ধু দুপুরে মোটরসাইকেল নিয়ে সোনারগাঁ ঘুরতে আসেন। ফেরার পথে রাত ৭টার দিকে মেঘনা সেতুর মাঝামাঝি স্থানে দ্রুত গতির একটি কভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে।
এসময় কভার্ড ভ্যানটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিক্ষার্থীর। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানায় এ ঘটনায় চালক ও কভার্ড ভ্যানটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।