বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মেহরাব হোসেনের নামটা বিশেষভাবে যুক্ত হয়ে আছে। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা মেহরাবের ১০১ রানের ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি।
দুই যুগ পর এবার মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারজানা হক।শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ফারজানা।
দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিনে আরেকটি কীর্তি গড়ার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন ফারজানা। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে উইকেটে টিকে ছিলেন ৫০তম ওভার পর্যন্ত। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যাওয়ায় অপরাজিত থেকে ফিরতে পারেননি। আউট হওয়ার আগে ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান। উঠে যাওয়ার সময় দর্শকদের পাশাপাশি ভারতীয় ফিল্ডারদের অভিনন্দনও পেয়েছেন ফারজানা।