বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দু’দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানী হল আলু ও পেঁয়াজ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২৭ ২২:৫৪:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গত সোম ও টানা মঙ্গলবার দু’দিন বন্ধের পর বুধবার (২৭ নভেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর পথে প্রবেশ করেছে আমদানীকৃত আলু ও পেঁয়াজ ভর্তি ভারতীয় ট্রাক। সারাদিনে ৯৪টি ভারতীয় ট্রাকে ২ হাজার ৫০২.৬ টন পেঁয়াজ ও ১০৯টি ট্রাকে ২ হাজার ৯৪২.১ টন আলু প্রবেশ করেছে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার(২৫ নভেম্বর) ৩ ট্রাকে ৬২ টন আলু  শুধু বন্দরে প্রবেশ করার পর পণ্য দুটি আমদানী বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি। ওইদিন কোন পেঁয়াজ প্রবেশ করে নি।
এদিকে দু’দিন কেন আমদানী বন্ধ ছিল ও আবার বুধবার কেন চালু হল এবং  এসব পণ্য আমদানী অব্যহত থাকবে কি না  এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য জানাতে পারেন নি আমদানীকারকরা বা বন্দরের কর্মকর্তারা।  এ ব্যাপারে দুই দেশের দায়িত্বশীল কোন পক্ষের কোন চিঠিও পান নি কেউ। এদিকে গণমাধ্যমে আমদানী বন্ধের খবর  প্রচারের পর দেশের অনান্য স্থানের ন্যয় চাঁপাইনবাবগঞ্জেও বেড়ে যায় পণ্য দু’টির দাম। কেজি প্রতি আলু অন্তত: ১০ টাকা ও পেঁয়াজ অন্তত: ১৫ টাকা বেড়ে যায়। এখন আমদানী অব্যহত থাকলে মূল্য আবারও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম পেঁয়াজ আমদানীকারক মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মাসুদুর রহমান বলেন, গত রবিবার(২৪ নভেম্বর) গণমাধ্যমে তাঁরা জানতে পারেন পণ্য দুটি রপ্তানী বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এ ব্যাপারে তাঁদের ভারতীয় রপ্তানীকারকরাও আগাম কোন তথ্য দেন নি। এরপর গত সোমবার ( ২৫ নভেম্বর) থেকেই বন্ধ হয়ে যায় পণ্য দু’টির আমদানী। গত মঙ্গলবারও(২৬ নভেম্বর)  ওই দুই পন্য প্রবেশ করে নি। এরপর বুধবার আবারও আমদানীকৃত আলু ও পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।  ভারতীয় রপ্তানীকারক ও সিএন্ডএফ এজেন্টরা তাঁদের জানান,পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের বাজারে পণ্য দুটির দাম বেশি বলে পশ্চিমবঙ্গের কোন বন্দর দিয়ে পণ্য দুটি রপ্তানীর অনুমতি দেয় নি।
মাসুদুর আরও বলেন, বুধবার সোনামসজিদের বিপরীতে পশ্চিমবঙ্গের মহদিপুর স্থলবন্দরে আলুবোঝাই ট্যাক্স দেয়া যে সব ট্রাক রয়েছে (পাইপলাইনে) সেগুলো আপাতত: রপ্তানীর অনুমতি দেয়া হয়েছে জানা গেছে। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পেঁয়াজ আমদানী চলবে বলেও শোনা গেছে। পেঁয়াজের ব্যাপারে কোন চুড়ান্ত সিদ্ধান্ত আসে নি। সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় নয় বরং রাজ্য সরকারের বলেও জানা গেছে।


এ জাতীয় আরো খবর