বুধবার (২২শে মে) বিকেলে যুক্তরাজ্যের পার্লামেন্ট আগামী সপ্তাহে ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এতথ্য নিশ্চিত করেছে।
২০২৫ সালের জানুয়ারিতে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তবে সুনাক আগামী চৌঠা জুলাই নির্বাচনের ঘোষণা করেছেন।
এর আগে মন্ত্রীদের এ বিষয়ে অবহিত করেন ঋষি সুনাক। তাদের সঙ্গে আলোচনা শেষে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান প্রধানমন্ত্রী। সেখানে সংসদ ভেঙে দেয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজা চার্লস অনুমতি দেয়ার পর প্রধানমন্ত্রী এটি জনসম্মুখে ঘোষণা করেন।
যুক্তরাজ্যে প্রায় ১৪ বছর ধরে ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন বেশ কম।
ধারণা করা হচ্ছে, আগামী চৌঠা জুলাইয়ের নির্বাচনে ফের ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি।