বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি হামলা জোরদার করায় মিয়ানমারের দক্ষিণাঞ্চলের শহরগুলো থেকে সরকারি অফিস থেকে কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নিচ্ছে জান্তা সরকার। বাসিন্দারা জানান, বড় বড় ট্রাকে করে সরকারি সব অফিস থেকে আসাবপত্র সরিয়ে নেয়া হচ্ছে। দেশটির গণমাধ্যম জানায়, দক্ষিণের বেশ কয়েকটি শহর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগেই সরে যাবার নির্দেশ দিয়েছে জান্তা সরকার।
এদিকে, কাচিন রাজ্যে সামরিক সেনাদের ঘাঁটি টার্গেট করে হামলা চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। গেল এক সপ্তাহে তীব্র সংঘাতের পর রাজ্যটির ওয়াইংমও শহরের বেশিরভাগ সেনাঘাঁটি দখলে নেয়ার দাবি করেছে গোষ্ঠীটি। সেখান থেকে পালিয়ে গেছে মিয়ানমারের সেনারা। ওয়াইংমও ছাড়াও মোমাক, মানসি ও তানাই শহরের একশর বেশি সেনা চৌকি দখলে নেয়ার কথা জানিয়েছে তারা।
অন্যদিকে, ভারত সীমান্তবর্তী আরও দুটি শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী চীন ন্যাশনাল আর্মি। অঞ্চলটিতে গেলো কয়েকদিন ধরে জান্তা সেনাদের সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরাবতির প্রতিবেদন অনুযায়ী, চীন রাজ্যের উত্তরাঞ্চলের সিখা ও টনজ্যং শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।