শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

বিনোদন জগতের তারকা উর্বশী রাউতেলা এসেছেন রাজনীতিতে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৫ ১০:১৮:০৯

বিনোদন জগতের তারকা উর্বশী রাউতেলা এসেছেন রাজনীতিতে। পেয়েছেন টিকিট। কোন কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন তিনি? নির্বাচনের আগে বিনোদন জগতের তারকারা ঝাঁকে ঝাঁকে যোগ দেন রাজনীতিতে। কেউ জেতেন কেউ আবার হেরে যান। এ ক্ষেত্রে দক্ষিণ ভারতকে পথপ্রদর্শকও বলা যেতে পারে।  তার সব থেকে বড় দৃষ্টান্ত ছিলেন এমজি রামচন্দ্রন, জয়ললিতা, বৈজন্তিমালা, শিবাজি গণেশন, কমল হাসনেরা। পিছিয়ে নেই বলিউড ও টলিউডও। গত কয়েক বছর বাংলা সিনেমার পয়লা নম্বর সব তারকা নেমেছেন রাজনীতির ময়দানে। সাংসদ, বিধায়কও হয়েছেন কেউ কেউ। আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো অভিনেত্রীরা। এবার ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও নেমেছেন রাজনীতির ময়দানে। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তিনি কি ভোটে দাঁড়ানোর কোনও প্রস্তাব কোনও দলের থেকে পেয়েছেন? তিনি হেসে জবাব দেন, হ্যাঁ, টিকিট পেয়েছেন। তবে কোন দল, তা উল্লেখ করেননি। উর্বশী বলেন, ‘আমি টিকিট পেয়ে গিয়েছি। এবার আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি রাজনীতিতে নামব কি না। আমি এত দিন আমার অনুরাগীদের জন্য সব করেছি। এ বারও তাঁরাই বলুন, আমার কী করা উচিত। তবে রাজনীতিতে যোগ দিলে সৎ রাজনীতিক হব।’ মাঝেমধ্যেই প্রচারে থাকেন উর্বশী। কখনও তিন কোটি টাকার সোনার কেক কেটে, কখনও আবার ঋষভ পন্থের সঙ্গে প্রেম চর্চার কারণে। এই মুহূর্তে ছবির কাজ হাতে নেই তাঁর। তবে, সারাক্ষণই কোনও না কোনও কারণে প্রচারের আলোয় চলে আাসেন তিনি।

 


এ জাতীয় আরো খবর