স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন বলেছেন, মস্কোর কাছে একটি কনসার্টে ভয়াবহ হামলার সাথে জড়িত তাদের সকলকে শাস্তি দেয়া হবে।
রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে অবস্থিত ক্রাসনোগরস্ক শহরের ক্রোকাস সিটি হলে শুক্রবার সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে ১৩৩জন। আহত আরও দেড়শতাধিক। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে গুলির আঘাতে অনেকেই যেমন মারা গেছে, তেমনি কনসার্ট হলে অগ্নিকাণ্ডেও মারা গেছে বেশ কয়েকজন। এখনো চলছে উদ্ধার কাজ। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষেবা।
পুতিন এই হামলাকারীদের ‘শত্রু’ এবং তাদের কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন। সেইসাথে হামলার সাথে জড়িত সকল অপরাধী, অপরাধের সংগঠক এবং যারা এই অপরাধের নির্দেশ দিয়েছে তারা যেই হোক না কেন তাদের ন্যায়সংগত এবং অনিবার্যভাবে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, হামলাকারী চার ব্যক্তি ইউক্রেনের দিকে পালিয়ে যাচ্ছিল। তারা সীমান্ত অতিক্রম করার আশা করছিল। সে সময় চারজনকে আটক করা হয়।