অর্ধশতাব্দী পর আগামী ৮ই এপ্রিল বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এই সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে, যা খুবই বিরল ঘটনা। এই সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বপ্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। এরপর তা ধীরে ধীরে সরে আসবে যুক্তরাষ্ট্রের ওপর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। এ অবস্থায়, যুক্তরাষ্ট্রে সেদিন শত শত স্কুল বন্ধ হতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সাময়িকী নিউজউইক।
৫৪ বছর পর এমন সূর্যগ্রহণ হওয়ায়, নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে ‘বিশেষ’ বলে বর্ণনা করেছেন। এর আগে ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল, আবার হতে পারে ২০৭৮ সালে।
ইতিমধ্যেই অনেক স্কুল ওই দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। কিছু জায়গায় ক্লাস নেওয়া হবে ইন্টারনেটের মাধ্যমে। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা। এমনকি টেক্সাসে বাসিন্দাদের বেশি করে খাবার কিনে রাখতে বলা হয়েছে, কারণ সূর্যগ্রহণ দেখতে আসা পর্যটকদের ভিড়ে স্থানীয়দেরই খাবারে টান পড়তে পারে।
তবে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। এই গ্রহণ শুধু মাত্র মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র থেকে দেখা যাবে।