(গোলাপগঞ্জ প্রতিনিধি):
দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের প্রবাসী অধ্যুষিত দুইটি উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার। এ দুটি উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসন।
এই সংসদীয় আসনটি বর্তমানে সরগরম হয়ে উঠেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী নৌকার মাঝি হতে সরব রয়েছেন। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির এই আসনটিতে তিনি ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বেশ কয়েকজন প্রবাসী নেতা আওয়ামী লীগের টিকেট পাওয়ার জন্য সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি নিজেদের সম্ভাব্য প্রার্থী হিসেবেও জানান দিচ্ছেন।
জানা যায়, সিলেট-৬ সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দাপিয়ে বেড়াচ্ছেন ৬ জন মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসর খান সাদেক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম চৌধুরী।
ইতিমধ্যে নিজেদের সম্ভাব্য প্রার্থী হিসেবে জানান দিতে দুই উপজেলায় বিলবোর্ড, ফেস্টুন, পোস্টার সাঁটিয়ে নিজেদের প্রার্থিতা ঘোষণার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। এসব অনুষ্ঠানে তাঁরা সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি নিজেদের সম্ভাব্য প্রার্থী হিসেবেও জানান দিচ্ছেন। এছাড়াও কোনো কোনো প্রার্থী আবার এলাকায় এলাকায় গণসংযোগও ও উঠান বৈঠক শুরু করে দিয়েছেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান বলেন - মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যাচাই-বাচাই করে অতিত ইতিহাস পর্যালোচনা করে যারা আপনার ও আওয়ামীলীগের পাশে সবসময় ছিলো তাদের মধ্যে যে কাউকে নমিনেশন দিবেন এটাই প্রত্যাশা করি।