বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৩০ অক্টোবর ঢাকায় বি.এল. কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১০-১৮ ১৬:০৯:৫৫

ঐতিহ্যবাহী ব্রজলাল কলেজের (বি.এল. কলেজ) প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসছে রাজধানী ঢাকায়। আগামী ৩০ অক্টোবর ২০২৬ কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দিনব্যাপী পুনর্মিলনীর আয়োজন করেছে বি.এল. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঢাকা শাখা।
খুলনার দৌলতপুরে অবস্থিত ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে পুনরায় মিলিত হওয়া, স্মৃতিচারণ এবং কলেজের অভিন্ন ঐতিহ্য ও গৌরব উদযাপনই এ আয়োজনের মূল লক্ষ্য।
পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন, এমপির উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের।
এ ছাড়া কলেজের বেশ কয়েকজন বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেবেন বলে আয়োজকেরা আশা করছেন,তাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যও রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আলী আজগর লবি, এস কে আজিজুল বারী হেলাল , বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মনোয়ার হোসেন, মো. আতাউর রহমান, অধ্যাপক এম. মোকতার আলী এবং শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও কলেজের সাবেক শিক্ষার্থী মো. নজরুল ইসলাম মঞ্জুরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি হবে। নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থাও রাখা হয়েছে।
পুনর্মিলনী উপলক্ষে একটি বর্ণাঢ্য স্মরণিকা প্রকাশ করবে আয়োজক সংগঠন। এতে কলেজের ইতিহাস ও ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিভিন্ন নিবন্ধ এবং তাঁদের অবদান তুলে ধরা হবে।
আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ২৪ অক্টোবরের মধ্যে নাম নিবন্ধনের অনুরোধ জানিয়েছে সংগঠনটি। আগাম নিবন্ধনের মাধ্যমে আসনবিন্যাস, খাবারসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আয়োজকেরা।
নিবন্ধন ও যোগাযোগ
রাশেদ শামসুল করিম: ০১৭৩০৭১৪০০৩, ০১৭১৬১২৯৯০৭
- অ্যাডামস: ০১৯৭৩৪৫৮৯২১

নিবন্ধন ফি-৫০০/ (প্রতিজন) 
- নিবন্ধনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৬

বি.এল. কলেজ, প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী, ঢাকা


এ জাতীয় আরো খবর