আসন্ন শারদীয় দুর্গাপূজা ও টানা পাঁচ দিনের ছুটিতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, দুর্গাপূজার ছুটিতে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী চলাচল বাড়বে। এ পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ সক্ষমতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেন উৎসবের আনন্দ ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সভায় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে কয়েকটি পদক্ষেপ নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের বিশেষ বাস চালু, প্রয়োজনীয় ফেরি প্রস্তুত রাখা, অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন।
এ ছাড়া ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো সাময়িক মেরামতের মাধ্যমে চলাচল উপযোগী রাখা, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার পথে যাত্রীচাপ বিবেচনায় তিন জোড়া বিশেষ ট্রেন চালু এবং অন্যান্য রুটে অতিরিক্ত কোচ সংযোজনের নির্দেশ দেওয়া হয়। টিকিটের কালোবাজারি বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রতিমা বিসর্জন ঘিরে সম্ভাব্য জনসমাগম ও যাতায়াত পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রস্তুতি জোরদার এবং সড়ক, রেল ও নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সরকারি সংস্থা, বাস মালিক সমিতি এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সব পক্ষকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং ছুটিতে মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
দুর্গাপূজা, নিরাপদ যাতায়াত, বিশেষ ট্রেন