বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

মহেশখালীতে বিয়ের তিন মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু,যৌতুকের জন্য হত্যার অভিযোগ!

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৯-১৫ ২০:০৭:০৬

মহেশখালী কক্সবাজার 
মহেশখালীতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় চাঁদ মনি (১৮)  নামে  এক  গৃহবধূর  রহস্যজনক   মৃত্যু  হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ,যৌতুকের দাবিতে তাকে গলা  টিপে  হত্যা  করা  হয়েছে।  ঘটনাটি   হত্যা, নাকি আত্মহত্যা  তা নির্ধারণে  ময়নাতদন্তসহ পুলিশের তদন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নিহত  চাঁদ  মনি  মহেশখালী  উপজেলার  কুতুবজোম ইউনিয়নের   ঘটিভাঙ্গা   গ্রামের   ওসমান   ও   রহিমা দম্পতির মেয়ে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী,তার স্বামী  শাহিন  আলম  মহেশখালী  পৌরসভার  ০৯ নং ওয়ার্ডে  গোরকঘাটা  চরপাড়া  এলাকার  মৃত হামিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর তারা পালিয়ে বিয়ে  করেছিলেন। পরিবারের  দাবি, বিয়ের পর থেকেই  যৌতুকসহ পারিবারিক বিষয় নিয়ে চাঁদ মনির ওপর চাপ  সৃষ্টি করা হতো। একপর্যায়ে তার মৃত্যু হয়।   স্বজনদের   অভিযোগ, এটি  স্বাভাবিক মৃত্যু নয়;  তাকে  গলা  টিপে  হত্যা  করা হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু  তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের   বিরুদ্ধে   আইনগত  ব্যবস্থা   নেওয়ার দাবি জানিয়েছেন।   সোমবার    (১৪  সেপ্টেম্বর)     সকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদ মনির মরদেহ উদ্ধার করে  পুলিশ।  পরে মরদেহের সুরতহাল সহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আব্দুস সোলতান বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা   হয়েছে।   মরদেহ   উদ্ধারের   পর    প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।”
চাঁদ মনির  মৃত্যুকে  ঘিরে স্থানীয়ভাবে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বিয়ের  অল্প সময়ের মধ্যে তার মৃত্যু এবং  পরিবারের  পক্ষ  থেকে  হত্যার অভিযোগ ওঠায় ঘটনাটি  গুরুত্বের  সঙ্গে তদন্তের দাবি উঠেছে। মৃত্যুর আগে তার সঙ্গে কী ঘটেছিল,তাকে কী অবস্থায় হাসপাতালে   নেওয়া  হয়েছিল  এবং মৃত্যুর কারণ কী এসব  বিষয়  তদন্তের  মাধ্যমে  স্পষ্ট হওয়া প্রয়োজন।
এদিকে  স্বজনদের  অভিযোগের পাশাপাশি পুলিশের তদন্ত  ও  ময়নাতদন্তের প্রতিবেদনই হবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের প্রধান ভিত্তি।
ময়নাতদন্তে  গলায়  আঘাতের  কোনো চিহ্ন বা হত্যার আলামত  পাওয়া   যায় কি  না, তা-ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এই মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত  ঘটনা  উদঘাটন  এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

 


এ জাতীয় আরো খবর