মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

দৌলতপুরে পানিবন্দী ৬০ হাজার ডুবে গেছে সড়ক-ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান,নতুন আতঙ্ক বিষধর সাপ

  • মিজানুর রহমান
  • ২০২৬-০৯-১২ ১৪:১৮:০০

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলের মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি আরও ৩ সেন্টিমিটার বেড়েছে। এতে উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৫টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, গ্রামীণ সড়ক, রান্নাঘর ও নলকূপ। কোথাও কোথাও যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে নৌকা ও ভেলা।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজি বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০৫ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। অর্থাৎ বিপৎসীমার মাত্র ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।
এর আগের দিন শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০২ মিটার। সে হিসাবে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। তবে গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ সেন্টিমিটার করে পানি বাড়লেও বর্তমানে বৃদ্ধির হার কিছুটা কমেছে।
পাউবোর হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে পদ্মায় পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বৃদ্ধির হার কমে ৩ সেন্টিমিটারে নেমেছে। তবে এই প্রবণতা অব্যাহত থাকবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
৩৫ গ্রামের মানুষের জীবনে দুর্ভোগঃ
পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ফিলিপনগর ইউনিয়নের পদ্মার চরাঞ্চলের নিচু এলাকাতেও পানি ঢুকেছে। কোথাও সড়ক তলিয়ে গেছে, আবার কোথাও সড়কের অংশ ভেঙে গিয়ে 
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে ১৭টির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। তবে গত দুই-তিন দিনের তুলনায় শনিবার পানি বৃদ্ধির তীব্রতা কিছুটা কমেছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, ইউনিয়নের ১৬টি গ্রামের চারপাশে পানি থইথই করছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। নৌকা ও ভেলাই এখন মানুষের চলাচলের প্রধান ভরসা। তাঁর ইউনিয়নেও ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
পানির নিচে ৩৫১ হেক্টর জমিঃ
বন্যার পানিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকেরা। উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন জানান, চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নে এখন পর্যন্ত ৩৫১ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে মরিচ ও কলাচাষিরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।
তিনি বলেন, পানি আরও বাড়লে কৃষির ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়বে।
চরাঞ্চলের কৃষক শ্যামল মণ্ডল বলেন, ‘আমার পাঁচ বিঘা মরিচ পানিতে ডুবে গেছে। চলাচলে খুব সমস্যা হচ্ছে। বাড়ির বৃদ্ধরা ঘরবন্দী হয়ে আছেন। একবার রান্না করে তিনবার খেতে হচ্ছে। এখন আবার সাপের ভয়ও বড় হয়ে দেখা দিয়েছে।’
বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রমঃ
বন্যার পানি ঢুকে পড়ায় চরাঞ্চলের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানে দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে উপজেলা শিক্ষা কার্যালয়।
স্থানীয়দের আশঙ্কা, পানি আরও বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে।
রান্না বন্ধ, বিশুদ্ধ পানির সংকটঃ
পানির কারণে অনেক বাড়ির রান্নার স্থান তলিয়ে গেছে। একই সঙ্গে ডুবে গেছে নলকূপ। ফলে একদিকে খাদ্যসংকট, অন্যদিকে বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন বানভাসি মানুষ।
চর সোনাতলা এলাকার জুলেখা খাতুন বলেন, ‘রাস্তা ভেঙে বন্যার পানি বাড়ির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে রান্না ও খাবার জোগাড় করতে বিপাকে পড়েছি।’
রামকৃষ্ণপুরের ৬৫ বছর বয়সী আবু বিশ্বাস বলেন, ‘ঘরের ভেতরে কোমর পর্যন্ত পানি। পরিবারের অন্যরা উঁচু জায়গায় গেছে। আমি মাচা বেঁধে কোনোমতে টিকে আছি।’
গবাদিপশু নিয়েও বিপাকেঃ
বন্যার পানি বাড়ায় গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা। উঁচু জায়গার সংকটের কারণে অনেকেই গবাদিপশু নিরাপদ স্থানে নিতে পারছেন না। পানিবন্দী পরিবারগুলোর অভিযোগ, জরুরি প্রয়োজনে চিকিৎসা ও খাদ্যসামগ্রী পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।
নতুন আতঙ্ক বিষধর সাপঃ
পানির সঙ্গে চরাঞ্চলে বাড়ছে বিষধর সাপের উপদ্রব। ঘরবাড়ি, রান্নার স্থান ও আশপাশের উঁচু জায়গায় সাপের উপস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন বানভাসি মানুষ। স্থানীয়রা শুকনো খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ মেডিকেল টিম পাঠানোর দাবি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। কাউকে সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।
বাড়ছে পানি, বাড়ছে শঙ্কাঃ
পদ্মার পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও চরাঞ্চলের মানুষের বাস্তব দুর্ভোগ ইতোমধ্যে বন্যা পরিস্থিতির রূপ নিয়েছে। পানি বৃদ্ধির গতি আবার বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষি, যোগাযোগ, শিক্ষা ও জনস্বাস্থ্যে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে—এমন আশঙ্কা স্থানীয়দের।
এ অবস্থায় পানিবন্দী পরিবারগুলোর জন্য দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, নিরাপদ আশ্রয় ও গবাদিপশুর খাদ্যের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা।

 


এ জাতীয় আরো খবর