সাতক্ষীরা : “যুবার হাতেই দিন বদল” এই শ্লোগানকে সামনে রেখে সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় রবিবার সকালে শহরের অদূরে এল্লারচর চিংড়ি খামার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান প্রমুখ।
সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যারা উপস্থিত ছিলেন।
যুব-নেতৃত্বাধীন নেক্সাস শক্তিশালীকরন এডভোকেসিতে সাতক্ষীরার কমিউনিটি কনসালটেশনের ফলাফল এবং উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এক্টিভিস্টা সাকিব হাসান।
নেক্সাসের মূল লক্ষ্য মানবিক সহায়তা, টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার এবং সামাজিক শান্তি ও সুরক্ষাকে সমন্বিত করে পদ্ধতির মাধ্যমে সাতক্ষীরার দুর্যোগ প্রবণ স্থানীয় জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি হ্রাস করা, যুব নেতৃত্ব বিকাশ করা এবং সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নীতি, বাজেট ও পরিষেবা প্রদান প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনা। সভায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অংশগ্রহণে চিহ্নিত বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়।