বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনায় জোর,আইওএমের সহায়তা আরও বাড়ানোর আশ্বাস

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-০৫ ০৯:৩৯:১২
ছবি: সংগৃহীত।

মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই উদ্যোগ সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ সরকার ও আইওএমের দীর্ঘদিনের অংশীদারিত্ব, অভিবাসন ব্যবস্থাপনা, মানবপাচার প্রতিরোধ, অভিবাসীদের সুরক্ষা এবং ভবিষ্যৎ সহযোগিতার অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, গত দুই দশকেরও বেশি সময় ধরে আইওএম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও বিস্তৃত হবে।
মানবপাচারকে একটি জঘন্য অপরাধ উল্লেখ করে মন্ত্রী বলেন, লোভ, অসচেতনতা ও ভুল তথ্যের কারণে অনেক মানুষ পাচারকারীদের ফাঁদে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত ব্যবস্থাপনা আধুনিক ও সমন্বিত করার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে।
বৈঠকে আইওএমের উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘস্থায়ী সহযোগিতার প্রশংসা করে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং মানবপাচার প্রতিরোধে আইওএম ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি তথ্যভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
পাচারকারী চক্রের তথ্য সম্পর্কে জানতে চাইলে ড্যানিয়েলস জানান, আইওএম এবং ইন্টারপোলের কাছে মানবপাচারের বিভিন্ন প্রবণতা ও নেটওয়ার্কসংক্রান্ত তথ্য রয়েছে। প্রয়োজনে এসব তথ্য ভাগাভাগি করে পাচারকারী চক্র শনাক্তে বাংলাদেশকে সহায়তা করা সম্ভব।
উল্লেখ্য, ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফরের অংশ হিসেবে আইওএমের উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এ বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মানবপাচার, সীমান্ত নিরাপত্তা, নিরাপদ অভিবাসন


এ জাতীয় আরো খবর