নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সব জনগোষ্ঠীর জন্য সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত, মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের স্থায়ী বাঙালি বাসিন্দাদেরও আয়কর অব্যাহতির আওতায় আনার দাবি জানানো হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাহবাগের শহীদ হাদী চত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযায। প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার ফরিদুল আকবর, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইডের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, শ্রমিক নেতা বজলুর রহমান বাবলু, ছাত্রনেতা মিজানুর রহমান, স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়া উল হকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় দীর্ঘদিন ধরে বসবাসকারী বাঙালিরা একই ভৌগোলিক ও সামাজিক বাস্তবতায় থেকেও আয়কর সুবিধাসহ বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের মতে, এ পরিস্থিতি অর্থনৈতিক প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি করছে এবং সমান নাগরিক অধিকারের প্রশ্নও সামনে আনছে।
মোস্তফা আল ইহযায বলেন, পার্বত্য অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী চাকরি, উচ্চশিক্ষা, উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক সুযোগ-সুবিধায় প্রত্যাশিত অংশীদারিত্ব পাচ্ছে না। তিনি দাবি করেন, সরকারি নিয়োগ, শিক্ষা এবং অর্থনৈতিক নীতিতে বৈষম্য দূর করে সংবিধানের আলোকে সমঅধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আয়কর অব্যাহতির কারণে ব্যবসা ও ঠিকাদারি খাতে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে বলে তাদের সংগঠনের পর্যবেক্ষণ। এ কারণে পার্বত্য চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাসকারী বাঙালিদেরও সমান কর-সুবিধা দেওয়ার আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেন, পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে শতভাগ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের বাঙালি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় পৃথক কোটার দাবিও জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন পার্বত্য চট্টগ্রাম চুক্তি, উপজাতি ও আদিবাসী পরিচয় নিয়ে নিজের মতামত তুলে ধরে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহীদ হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
পার্বত্য চট্টগ্রাম,আয়কর অব্যাহতি,মেধাভিত্তিক নিয়োগ