বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গণপরিবহনে ইলেকট্রিক যান,স্মার্ট নেটওয়ার্ক ও পরিবেশবান্ধব সংস্কারে সরকারের পরিকল্পনা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-৩০ ১০:৫১:২৬
ফাইল ছবি

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে বহুমুখী সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানো, পুরোনো বাসের জন্য পরিবেশসম্মত স্ক্র্যাপ নীতি প্রণয়ন, রাজধানীর বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং মেট্রোরেল, মনোরেল ও আধুনিক বাসের সমন্বয়ে একীভূত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে এক বিশেষ সাক্ষাৎকারে এসব পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু নতুন সড়ক বা সেতু নির্মাণ নয়; বরং এমন একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যা হবে নিরাপদ, সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য।
প্রতিমন্ত্রী জানান, বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিবহন থেকে ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকছে বিভিন্ন দেশ। সেই ধারার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও পরিবহন খাতে বিদ্যুৎচালিত যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে জ্বালানি তেলের ব্যবহার কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বায়ু ও শব্দদূষণ হ্রাস পাবে।
তিনি বলেন, ইলেকট্রিক যানবাহনের প্রসারে সরকার এ খাতে আরোপিত প্রায় ৬২ শতাংশ কর কমিয়েছে। এর ফলে বিনিয়োগ বাড়বে এবং সাধারণ মানুষের জন্য এসব যানবাহন ক্রয় আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
হাবিবুর রশিদ হাবিব বলেন, কর-সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় চার্জিং অবকাঠামোও গড়ে তোলা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় চার্জিং স্টেশন স্থাপন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে ইলেকট্রিক বাসের সংখ্যাও বাড়ানো হবে।
পুরোনো বাস অপসারণে সরকারের নতুন নীতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২৫ বছর বা তার বেশি পুরোনো এবং চলাচলের অনুপযোগী বাস আর শুধু পরিত্যক্ত হিসেবে ফেলে রাখা হবে না। পরিবেশসম্মত স্ক্র্যাপিং প্রক্রিয়ার মাধ্যমে এসব যান থেকে লোহা, ইস্পাতসহ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ সংগ্রহ করে শিল্পকারখানায় ব্যবহার করা হবে। এতে পরিবেশ দূষণ কমার পাশাপাশি শিল্পখাতেও কাঁচামালের জোগান বাড়বে।
রাজধানীর যানজট কমাতে বাস টার্মিনাল ব্যবস্থায়ও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, ঢাকার অভ্যন্তরের টার্মিনালগুলো মূলত সিটি বাস পরিচালনার জন্য ব্যবহার করা হবে। অন্যদিকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস রাজধানীর চারপাশে নির্মিত আধুনিক টার্মিনাল থেকে পরিচালিত হবে। এতে নগরীতে ভারী যানবাহনের চাপ কমবে এবং যানজটও হ্রাস পাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো মেট্রোরেল, মনোরেল, ইলেকট্রিক বাস ও আধুনিক সিটি বাসকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা। এর ফলে যাত্রীরা সহজেই একটি পরিবহন থেকে অন্য পরিবহনে যেতে পারবেন, যাতায়াত হবে আরও দ্রুত ও সাশ্রয়ী এবং ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমবে।
পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবহন খাতে বিদ্যুৎচালিত যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশসম্মত স্ক্র্যাপিং ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। এতে কার্বন নিঃসরণ কমবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক, দক্ষ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার দেশে পরিণত হবে।

ইলেকট্রিক যানবাহন, গণপরিবহন, পরিবহন সংস্কার


এ জাতীয় আরো খবর