ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুলতলা উপজেলার গিলাতলায় শুরু হয়েছে "মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"। জবেদা কাদের ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকাল ১১টায় গিলাতলা দক্ষিণপাড়া ৬ নং ওয়ার্ডের সাখাওয়াত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। উদ্বোধন শেষে তিনি নিজে সাখাওয়াত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ ও একটি ঔষধি গাছের চারা এবং কলম রোপণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে গিলাতলা ইউনিয়নের তিনটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান- সাখাওয়াত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়, গিলাতলা প্রাথমিক বিদ্যালয় এবং গাজী মেছের আহমেদ প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ও কলম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টিভি মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও সুন্দর পরিবেশ উপহার দিতেই এই মাসব্যাপী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে চারা রোপণ ও পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হবে।
জবেদা কাদের ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সাগরি সুলতানা, সহকারী শিক্ষক নাসিমা আক্তার, আসফিয়া হোসেন, ত্রিবেণী বিশ্বাস, মোছাঃ হাফিজা আহমেদ, মারুফা সুলতানা, জাকিয়া রশিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শেখ আব্দুল হামিদ ও শেখ মোঃ আসাদুজ্জামান। দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মিনা ফারুক হোসেন, মোল্লা মোকসেদ আলী, মোঃ হুমায়ুন কবির, শেখ সোহেল আজম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।