কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আতাহার ইকবাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কক্সবাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২২ জুলাই) এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আতাহার ইকবাল দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মজীবন আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসী একজন অভিজ্ঞ সাংবাদিক, অভিভাবকসুলভ ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করেন।