বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল,১৪ কর্মকর্তার নতুন দায়িত্ব

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-২২ ০৯:৪৬:৫৪

বাংলাদেশ পুলিশে শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও কর্মস্থলে বদলি এবং পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব তৌহিদ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন পদায়ন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি এবং সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে সন্ত্রাসবিরোধী ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে অপরাধ তদন্ত বিভাগে বিশেষ পুলিশ সুপার এবং সন্ত্রাসবিরোধী ইউনিটের পুলিশ সুপার আবু আসহাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ, রাজশাহী রেঞ্জে কর্মরত মোহাম্মদ আশিকুর রহমান, পর্যটন পুলিশের আপেল মাহমুদ, পুলিশ সদর দপ্তরের আ ফ ম নিজাম উদ্দিন, অপরাধ তদন্ত বিভাগের মীর আবু তৌহিদ এবং বিশেষ শাখার তাসরিফ মাসরুক হোসেন মাসরীকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে গত ১৮ জুন জারি করা একটি প্রজ্ঞাপনের আংশিক সংশোধন করে জানানো হয়েছে, অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের ডিআইজি হিসেবে বদলির পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।

পুলিশ, বদলি, পদায়ন


এ জাতীয় আরো খবর